হংকং দুই গোলে এগিয়ে যেতেই আশা ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। তবে শেষ ১৫ মিনিটে পাল্টে গেল দৃশ্যপট। তাতে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং লড়াই রীতিমতো রোমাঞ্চে রূপ নিলো। বাংলাদেশের সমতায় ফেরা আবারও পিছিয়ে পড়া আবারও সমতা, এরপর নিজেদের ভুলে ৪-৩ গোলের হার। আবারও নিজেদের ভুলে হার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হংকং বরাবরই এগিয়ে ছিল। কয়েকটি দেশের ফুটবলারদের নিয়ে গড়া দলটা সবদিক দিয়েই এগিয়ে ছিল। তবে মাঠের লড়াইয়ে প্রথমার্ধে দেখা গেল বাংলাদেশের দাপট। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর গোলে এগিয়ে গেলেও যোগ করা সময়ের গোল করে সমতা টানে হংকং। সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুর কয়েক মিনিট রক্ষণাত্মক হয়ে খেলা বাংলাদেশ ধীরেসুস্থে বল দখলের লড়াইয়ে গিয়ে আক্রমণে ওঠে। তাতে ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় টাইগাররা। বক্সের ডানদিকে ফয়সাল আহমেদ ফাহিম ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। কোনাকুনি শটে সরাসরি জাল খুঁজে নেন প্রিমিয়ার লিগে খেলা হামজা, হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছোঁয়ালেও জোরাল শট রুখতে পারেননি।
এক গোলে এগিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণ করে যায় বাংলাদেশ। প্রথম ৩০ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল কাবরেরার শিষ্যরা। এমনকি প্রথমার্ধের ৪৫তম মিনিট পর্যন্ত সব ঠিক ছিল। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার সময় ঘনিয়ে আসতেই ঝামেলা হয়ে যায় যোগ করা সময়ে। এই সময়েই গোল খেয়ে বসে বাংলাদেশ।
হংকং ম্যাচে সমতা এনেছে কর্নার থেকে। কর্নার কিক থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেননি বাংলাদেশের রক্ষণের খেলোয়াড়রা। বল ঘুরেছে বাংলাদেশের পেনাল্টি বক্সে। ক্লিয়ার করার সুযোগ পেয়েও বাংলাদেশের খেলোয়াড়েরা তা করতে পারেননি। গোল পোস্টের সামনে থাকা এভারটন কামারগো স্রেফ পা ছুঁইয়েই বল জালে জড়িয়েছেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। জুনিয়র সোহেল রানার ব্যাক পাস পেয়ে গোল করেন রাফায়েল মেরকিচ। ৭১তম মিনিটে ডিফেন্ডার সাদ উদ্দিনকে বোকা বানিয়ে দলের হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটাও করেন রাফায়েল মেরকিচ।
বাংলাদেশ ৮৪তম মিনিটে ম্যাচ জমিয়ে তোলে। জামালের ফ্রি–কিক থেকে ফাহামিদুলের ব্যাকভলিতে জাল খুঁজে নেম মোরছালিন। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে শমিতের হেডে আসে সমতা। এর দুই মিনিটের মধ্যে একেবারে শেষ মুহূর্তে হংকংয়ের হয়ে জয়সূচক গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরকিচ।
এই জয়ে হংকং ৭ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা জোরালো করেছে। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিঙ্গাপুর, গতকাল সিঙ্গাপুরে যারা ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মিনিটে গোল খেয়ে ১-১ ড্র করেছে। ভারতের পয়েন্ট ২, বাংলাদেশের ১। জামাল ভূঁইয়াদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ।