শাওন বেপারী
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন ও পালেরচর ইউনিয়নে মাদক উদ্ধার অভিযান জোরদার, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং চুরি–ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক করেছেন জাজিরা থানা–র নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহম্মদ।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বিলাসপুর ও পালেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উঠান বৈঠক করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, অভিভাবক ও যুবসমাজের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
উঠান বৈঠকে ওসি মো. সালেহ্ আহম্মদ বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া এসব সমস্যা স্থায়ীভাবে মোকাবিলা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে। অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়তে পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।