শাওন বেপারী
শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ ঔষধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ঔষধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাস দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীদের চিনে ফেলায় হত্যার উদ্দেশ্যে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খোকন দাসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার দুপুরে তার শরীরের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)-এর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে খোকন দাসের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন বলেন, খোকন দাসের মৃত্যুর বিষয়টি আমরা তার স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।