দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন টানা দ্বিতীয় ফিফটির দেখা পেলেন। এবার দুজনের শতরান পেরোনো উদ্বোধনী জুটিতে সিলেট টাইটান্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস পেল ৯ উইকেটের জয়। এতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চট্টলার দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের ১ম ম্যাচে টস জিতে সিলেটকে আগে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় ওভারের প্রথম বলেই অধিনায়ক মেহেদী মিরাজকে প্যাভিলিয়নের পথ দেখান মুকিদুল ইসলাম মুগ্ধ। অন্য ওপেনার হজরতউল্লাহ জাজাইকে নিয়ে ২১ রানের জুটি গড়েন জাকির হাসান। আফগান ওপেনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান। পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ দিকে ওমরজাইয়ের অপরাজিত ৪৪ রানে ৭ উইকেট হারিয়ে ১২৬ রানের সংগ্রহ পায় সিলেট।
জবাবে ব্যাট করতে নেমে ১১৫ রানের ওপেনিং জুটি পায় চট্টগ্রাম। পার্টনারশিপ ভাঙ্গে ৫২ রানে নাইম শেখ আউট হলে। বাকি কাজ সারেন অ্যাডাম রসিংটন। তার অপরাজিত ৭৩ রানে ২৪ বল আগেই ৯ উইকেটের জয় পায় চট্টগ্রাম।