শাওন বেপারী
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে শরীয়তপুরের রাজনগর ইউনিয়ন। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুর রহমান কিরণ। তিনি শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জনগণের সমর্থন ও দোয়া কামনা করে বলেন, এই আসনের মানুষ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল এবং আগামীতেও থাকবে।
রাজনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিএনপি নেতা ও নড়িয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক রাজনগর ইউনিয়ন যুবদল মোঃ সুজন বেপারী বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার কথা তুলে ধরেন।
সভা শেষে নেতাকর্মীরা বাংলাদেশ জিন্দাবাদ ও বিএনপি জিন্দাবাদ স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে।