মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
রহাটের শরণখোলা উপজেলায় রিয়া মনি (১৪) নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ রাস্তার ওপর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনাটি ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে যাওয়ার পথে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত রিয়া মনি স্থানীয় রাজৈর গ্রামের বাসিন্দা আজিম শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে তার নানি হালিমা খাতুনের সঙ্গে বসবাস করছিল। তার বাবা-মা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, এলাকায় সক্রিয় কিছু মাদক ব্যবসায়ী বিভিন্ন সময়ে রিয়া মনিকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো। ধীরে ধীরে সে নিজেও মাদকাসক্ত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, নির্মম এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।