এম, ডি, নুরুল আমিন।
ইংরেজি নববর্ষ মানেই সাধারণত কোলাহল, উচ্চ শব্দ আর জনসমাগম। কিন্তু ভিন্নধর্মী ভাবনা থেকে এ বছর আমি ও আমার স্ত্রী নববর্ষ উদযাপনের জন্য বেছে নিই খুলনা জেলার দাকোপ উপজেলার কৈলাশপুর ইউনিয়নের লাউডোব এলাকায় অবস্থিত বনলতা রিসোর্ট—একটি নিরিবিলি ও পরিবেশবান্ধব ইকো রিসোর্ট।
প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সময় কাটানোর প্রত্যাশা নিয়ে সেখানে পৌঁছাতেই প্রথমেই চোখে পড়ে রিসোর্ট কর্তৃপক্ষের আন্তরিকতা। অতিথিদের জন্য ওয়েলকাম ড্রিংকের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। শুধু আনুষ্ঠানিকতা নয়, রিসোর্টে কর্মরত প্রত্যেকটি মানুষের আচরণ ছিল অত্যন্ত ভদ্র, আন্তরিক ও অতিথিবৎসল, যা পুরো ভ্রমণজুড়েই আলাদা করে ভালো লাগার অনুভূতি তৈরি করেছে। চারপাশের সাজানো-গোছানো পরিবেশ ও নীরব প্রকৃতি মুহূর্তেই মন কেড়ে নেয়।
বনলতা রিসোর্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অবস্থান। রিসোর্টের সামনেই প্রবাহিত নদী এবং নদীর ওপারেই বিস্তৃত সুন্দরবন। সন্ধ্যার পর ঝিঁঝিঁ পোকার ডাক, হালকা শীতের আমেজ আর নিস্তব্ধ পরিবেশ—সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দেয়। ব্যস্ত নগরজীবনের চাপ থেকে মুক্তি পেতে এমন পরিবেশ নিঃসন্দেহে কার্যকর।
খাবারের মান ও বৈচিত্র্যও প্রশংসার দাবিদার। সকালের নাশতায় পরিবেশন করা হয় ডিম খিচুড়ি ও বেগুন ভাজা। এরপর নৌকাভ্রমণের মাধ্যমে ক্যানেল ক্রুজিংয়ের সুযোগ রয়েছে। দুপুরের খাবারে ছিল দুই ধরনের ভর্তা, একটি সবজি, একটি মাছের পদ, পর্যাপ্ত দেশি মুরগির মাংস ও ডাল। রাতের খাবারে মুরগির বারবিকিউ, লুচি, সালাদ ও কোল্ড ড্রিংক পরিবেশন করা হয়। অতিথির পছন্দ অনুযায়ী বারবিকিউয়ের পরিবর্তে মাছ নেওয়ার সুযোগও রয়েছে। প্যাকেজের বাইরে অতিরিক্ত অর্থের বিনিময়ে কাঁকড়া কিংবা পছন্দের মাছের পদ নেওয়া যায়। রান্নার স্বাদ ছিল ঘরোয়া, যা অনেকটাই মায়ের হাতের রান্নার কথা মনে করিয়ে দেয়।
রিসোর্টের সাজসজ্জা পরিমিত ও রুচিশীল। অপ্রয়োজনীয় শব্দ বা অতিরিক্ত আলোর ব্যবহার নেই। যারা নিরিবিলি পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান—বিশেষ করে দম্পতি কিংবা প্রকৃতিপ্রেমীদের জন্য বনলতা রিসোর্ট একটি উপযোগী গন্তব্য। রিজনেবল প্রাইজের কারণে এটি মধ্যবিত্ত ভ্রমণপিপাসুদের কাছেও সহজলভ্য।
সব মিলিয়ে বলা যায়, লাউডোবের বনলতা রিসোর্টে কাটানো ইংরেজি নববর্ষ ছিল ভিন্নধর্মী ও স্মরণীয়। প্রকৃতি, নীরবতা, সুস্বাদু খাবার এবং আন্তরিক মানুষের সমন্বয়ে এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হতে পারে।