শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিদম (৮) ও রিফাত (৭) স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ ফকিরের নাতি। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) রিফাত তার মা সিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার সকালে মামাতো ভাই রিদমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে খেলতে যায়। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, খেলার সময় তাদের বল পানিতে পড়ে গেলে একজন সেটি ওঠাতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়।
নিহতদের মামাতো বোন রুমা আক্তার বলেন, সকাল থেকেই দুজনকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে ওদের উদ্ধার করি। পরে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি বাচ্চা দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।